আজ কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী, জেনে নিন দিনভরের পূর্ণাঙ্গ সূচি

বৃহস্পতিবার আষাঢ়স্য শুক্লা দ্বিতীয়া তিথিতে পুণ্য রথযাত্রা। আর এই বিশেষ দিনটিতে সেজে উঠেছে কলকাতার ইসকন (Kolkata ISKCON) মন্দির। আজ তাদের ৫৫তম রথযাত্রা উপলক্ষে দিনভর আয়োজিত হয়েছে নানা ধর্মীয় আচার, পুজো, আরতি ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ভোর থেকেই মন্দিরে শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে রথের রশি টানা।
একনজরে ইসকনের রথযাত্রার আজকের সূচি:
- ভোর ৪:৩০ – সকাল ৭:০০: রাধা-গোবিন্দ এবং শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। এরপর চলবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ।
- সকাল ৭:০০ – সকাল ৮:০০: গুরু পুজো এবং ‘পাহান্ডি বিজয়’-এর মাধ্যমে শ্রীল প্রভুপাদকে মন্দির থেকে এনে বলদেবের রথে প্রতিষ্ঠা।
- সকাল ৮:০০ – সকাল ৯:০০: ‘পাহান্ডি বিজয়’ অনুষ্ঠানে আচার মেনে সুদর্শন চক্র, বলদেব, সুভদ্রা মহারাণী এবং জগন্নাথদেবকে গর্ভগৃহ থেকে বের করে রথে প্রতিষ্ঠা করা হবে।
- সকাল ৯:০০ – সকাল ১০:৩০: পুজো, আরতি এবং বিশেষ ভোগ নিবেদন।
মুখ্যমন্ত্রীর যোগদান ও রথ চালনা: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা নাগাদ ইসকনের এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে মন্দিরে রাধা-গোবিন্দের দর্শন ও আরতির পর তিনি জগন্নাথদেবের রথের সামনে আরতি নিবেদন করবেন। ভক্তিমূলক নৃত্যানুষ্ঠানের পর, পুরীর ঐতিহ্য মেনে সোনার ঝাঁটা দিয়ে প্রতীকী ‘ছেড়া পাহাড়া’ (Chhera Pahara) রীতি পালন করবেন তিনি। এরপর তাঁর হাতেই রথের দড়িতে টান পড়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম কলকাতা রথযাত্রা।
কোথায় যাচ্ছে রথ? দুপুর দেড়টা নাগাদ রথযাত্রা শুরু হয়ে পূর্বঘোষিত রুট ধরে এগোবে। গন্তব্য হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের (পার্ক স্ট্রিট) গুণ্ডিচা মন্দির। সন্ধ্যা ৭টা নাগাদ রথ সেখানে পৌঁছনোর কথা। রথেই ভোগ নিবেদন ও আরতির পর ‘পাহান্ডি বিজয়’-এর মাধ্যমে তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে প্রতিষ্ঠা করা হবে।
আগামী ২৪ জুলাই পর্যন্ত এই গুণ্ডিচা মন্দিরেই ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণী। আজ রাতে দেবতাদের ছাপ্পান্ন ভোগ নিবেদন ও শয়ন সেবার মাধ্যমে রথযাত্রার প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।