ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২০ দিনে ৪ মৃত্যু, তড়িঘড়ি খুলল আইসোলেশন ওয়ার্ড

ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২০ দিনে ৪ মৃত্যু, তড়িঘড়ি খুলল আইসোলেশন ওয়ার্ড

দেশজুড়ে ফের ফিরছে কোভিড-১৯ (COVID 19) আতঙ্ক! অন্ধ্রপ্রদেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। গত তিন সপ্তাহে রাজ্যে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করেছে প্রশাসন।

কী বলছে স্বাস্থ্য দফতর? অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য কমিশনার জি. ভীরাপান্ডিয়ান জানিয়েছেন, গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে মোট ১২ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। মৃত ৪ জনের মধ্যে ৩ জন কাডাপা এবং ১ জন কাকিনাদার বাসিন্দা। তবে স্বাস্থ্য দফতরের দাবি, অকারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, মৃতরা প্রত্যেকেই আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির মতো একাধিক গুরুতর শারীরিক সমস্যায় (কো-মরবিডিটি) ভুগছিলেন।

তড়িঘড়ি খুলল আইসোলেশন ওয়ার্ড: করোনা মোকাবিলায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ অন্ধ্র সরকার। কাডাপার রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (RIMS) হাসপাতালে তড়িঘড়ি একটি বিশেষ কোভিড আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। স্বাস্থ্য কমিশনার জানিয়েছেন, রাজ্যের কোনও একটি নির্দিষ্ট জায়গায় সংক্রমণ সীমাবদ্ধ নেই, বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে পজিটিভ কেস আসছে।

আক্রান্তদের বর্তমান অবস্থা: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত কয়েকদিনে রাজ্যে ৬৭ জনের কোভিড পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। অন্য এক রোগীর সংক্রমণ ধরা পড়ে তামিলনাড়ুর ভেলোরে (CMC)। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩ জন হোম আইসোলেশনে আছেন এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্বস্তির খবর হলো, ইতিমধ্যেই ৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *