‘আমাদের শেষ করলে আপনাদেরও ছাড়বে না!’ একুশের মঞ্চ থেকে বিরোধীদের কড়া বার্তা মমতার
July 21, 20266:34 pm

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কড়া নিরাপত্তার ঘেরাটোপ, আর সেই ব্যারিকেড উপচে পড়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়। সোমবার এই ঐতিহাসিক একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই দলবদলুদের কড়া আক্রমণ করার পাশাপাশি, বিরোধী দলগুলোকে এক ছাতার তলায় আসার চূড়ান্ত বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ভাষণের মূল হাইলাইটস:
- বিরোধীদের প্রতি সতর্কবার্তা ও জোটের ডাক: বিজেপিকে রুখতে বাম-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানান মমতা। তিনি অন্যান্য বিরোধী দলকে সতর্ক করে বলেন, “আজ যারা বিজেপির মদতে দলীয় অফিস খুলছেন, মনে রাখবেন— তৃণমূলকে শেষ করার পর বিজেপি আপনাদেরও রেয়াত করবে না।” অভিনেতা চন্দন সেনের একটি মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে ব্যক্তিগত ইগো দূরে সরিয়ে একজোট হতে হবে।
- বিদ্রোহী নেতাদের তীব্র আক্রমণ: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন শিবিরকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান! চোরগুলো বিজেপিতে গেছে, ওদের আর ফেরত নেব না।”
- ‘আসল তৃণমূল আমরাই’: দলের অন্দরের ভাঙন নিয়ে তিনি যে মোটেও চিন্তিত নন, তা স্পষ্ট করে দেন মমতা। তাঁর সাফ দাবি, দলত্যাগীদের শূন্যস্থান পূরণের জন্য দলের ছাত্র ও যুব কর্মীরা পুরোপুরি প্রস্তুত। তাঁর কথায়, “আসল তৃণমূল আমরাই, মানুষের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে।”
- দিল্লির ছাত্র আন্দোলনের পাশে মমতা: এদিনের সভা থেকে দিল্লির ককরোচ জনতা পার্টির (CJP) ছাত্র-আন্দোলনের ওপর পুলিশের দমনপীড়নের তীব্র নিন্দা করেন তিনি। দরকারে এই ধরনের প্রতিবাদের পাশে তিনি নিজে দাঁড়াবেন বলেও কড়া বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।