২৫ বছর কারেন্টের বিল জিরো! বাংলায় চালু ‘সূর্যঘর যোজনা’, মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি

রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসতেই অবশেষে শুরু হল কেন্দ্রের অন্যতম জনপ্রিয় ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (PM Surya Ghar Yojana)। মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রথম পর্যায়ে রাজ্যের ১৮০০ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ এর আওতায় আসবেন।
‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ আসলে কী? বিদ্যুতের ক্রমবর্ধমান বিলের হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই কেন্দ্রের এই যুগান্তকারী উদ্যোগ। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
কেন এই প্রকল্প আপনার জন্য লাভজনক?
- ২৫ বছরের নিশ্চিন্তি: সোলার প্যানেলগুলির আয়ু সাধারণত ২৫ বছর হয়। অর্থাৎ, একবার প্যানেল বসালে আগামী আড়াই দশক ইলেকট্রিক বিলের কোনও দুশ্চিন্তাই থাকবে না।
- বিপুল সরকারি ভর্তুকি: ছাদে সোলার প্যানেল বসানোর জন্য সরকার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেয়। ১-২ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য (খরচ ৩০,০০০-৬০,০০০ টাকা) এবং ২-৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার প্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়।
কীভাবে আবেদন করবেন? পদ্ধতি খুবই সহজ: মাত্র ৫ মিনিট সময় খরচ করে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। ১. প্রথমে সরকারি ওয়েবসাইট https://pmsuryaghar.gov.in-এ যান। ২. হোমপেজে থাকা ‘Apply for Rooftop Solar’ অপশনে ক্লিক করুন। ৩. এরপর আপনার রাজ্য এবং বিদ্যুৎ বণ্টন সংস্থার (Discom) নাম সিলেক্ট করুন। ৪. আপনার ইলেকট্রিক বিলের কনজ্যুমার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে পোর্টালে লগইন করুন। ৫. ফর্মে দেওয়া নির্দেশিকা অনুযায়ী সোলার প্যানেলের জন্য আবেদন জমা দিন। ৬. এরপর অনুমোদনের চিঠি (Approval Letter) পেলে ডিসকম-এর রেজিস্টার্ড ভেন্ডরের মাধ্যমে প্যানেল বসাতে পারবেন। ৭. প্যানেল বসানোর পর নেট মিটারের জন্য আবেদন করতে হবে। পরিদর্শন শেষে কমিশনিং সার্টিফিকেট জারি হলে, পোর্টালে ব্যাঙ্কের ডিটেইলস ও ক্যানসেলড চেক দিলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে ভর্তুকির টাকা।