৬০০ কোটির দুর্নীতি! মদন মিত্রের পরিবার ইডির জালে আসতেই দিলীপ ঘোষের বিস্ফোরক হুঙ্কার

নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আর্থিক তছরুপ— একাধিক মামলায় এবার সরাসরি কেন্দ্রীয় এজেন্সির নজরে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মদন মিত্রের পরিবার। বিশ্বস্ত সূত্রের খবর, আগামী ২৯ জুলাই মদন মিত্রকে নিজ দফতরে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর এই তলব ঘিরেই রাজ্য রাজনীতিতে পারদ চড়েছে, যার মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মদন মিত্র ও তাঁর পরিবারকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতির সূত্র ধরে দিলীপ ঘোষ সরাসরি দাবি করেছেন যে, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে প্রায় ৬০০ কোটি টাকার বিশাল আর্থিক দুর্নীতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “৬০০ কোটি টাকার গন্ডগোল আছে। সবে তো শুরু। দেখুন কী হয়।”
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, যেভাবে একের পর এক আর্থিক দুর্নীতির জাল গুটিয়ে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, তাতে মদন মিত্র ও তাঁর পরিবারের বিরুদ্ধে এই তলব এবং দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। আগামী ২৯ জুলাই ইডি দফতরে মদন মিত্রের হাজিরাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।