মিড ডে মিলের খাবারে বিছে, অসুস্থ শতাধিক পড়ুয়া

বিহারে স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একশোরও বেশি পড়ুয়া। সুপৌল জেলার ত্রিবেণীগঞ্জ থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর ১০-এর মিডল স্কুল মিরজাওয়াতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পড়ুয়াদের অভিযোগ, বুধবার দুপুরের মিড ডে মিলের আলু-ছোলার তরকারির মধ্যে একটি মৃত বিছে পাওয়া যায়। সেই খাবার খাওয়ার পরেই বহু শিশুর পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা এবং গলায় জ্বালার মতো উপসর্গ দেখা দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা দ্রুত স্থানীয় ত্রিবেণীগঞ্জ মহকুমা হাসপাতালে অসুস্থ শিশুদের ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সমস্ত পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল ও তারা বিপদের বাইরে রয়েছে। ইতিমধ্যে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা প্রোজেক্ট ম্যানেজার পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, গাফিলতির প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে।