পোষা কুকুরকে মাংস খাইয়ে ১৮ লক্ষ টাকা লুট! ভোপালের দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড কীভাবে ধরা পড়ল?

বাড়ির নিরাপত্তা রক্ষায় পোষা কুকুর পাহারা দিলেও অপরাধীরা যে কতটা নির্ভীক হতে পারে, তার প্রমাণ মিলেছে ভোপালে। সুরজ নগর এয়ারপোর্ট রোডে এক প্রবীণ আইনজীবীর সুরক্ষিত বাংলোতে নিখুঁত ছকে ১৮ লক্ষ টাকা এবং প্রচুর সোনা-রুপার গয়না লুটের ঘটনায় অবশেষে মূল মাস্টারমাইন্ড শাহরুখ কোরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সাত মাস ধরে পলাতক থাকার পর জয়পুর থেকে তাকে পাকড়াও করা হয়।
গত ২০২৫ সালের ২৫ থেকে ২৬ ডিসেম্বরের রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাংলোয় হানার আগে ডাকাতরা পকেট থেকে কাঁচা মাংসের টুকরো বের করে পোষা কুকুরগুলোর দিকে ছুড়ে দেয়। লোভনীয় সেই মাংস খেয়ে কুকুরগুলো শান্ত হয়ে যাওয়ার সুযোগেই দুর্ধর্ষ অপরাধীরা ভেতরে প্রবেশ করে। সিন্দুক ভেঙে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় তারা।
পুলিশের তদন্তে জানা যায়, এই কান্ডে মোট ১৯ জনের একটি অপরাধী চক্র যুক্ত ছিল। গৃহকর্মী ও তার বোনের সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে ১১ জন সশস্ত্র দুষ্কৃতী ওই রাতে হামলা চালায়। চক্রের অন্য সদস্যরা আগেই ধরা পড়লেও মূল অভিযুক্ত শাহরুখ দীর্ঘদিন ধরে বারবার নিজের অবস্থান ও চেহারা বদলে জয়পুরে লুকিয়ে ছিল। গত ২১ জুলাই জয়পুরের ঝোটওয়ারা থানা পুলিশ একটি অবৈধ দেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, জয়পুরেও কোনো ধনী পরিবারকে নিশানা করতে সে একই ‘কুকুরের কৌশল’ ব্যবহারের পরিকল্পনা করছিল। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে এনে বাকি সোনা-রুপো ও নগদ অর্থ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।