মেট্রো স্টেশন বন্ধ রাখায় ডিএমআরসি-কে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির, খোলার নির্দেশ

NEET প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভের জেরে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এর মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনটিও বন্ধ থাকায় আইনজীবী, আদালতের কর্মী এবং বিচারপ্রার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং বিষয়টি দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে আনেন।
পরিস্থিতি বিবেচনা করে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) কর্তৃপক্ষকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। তিনি স্পষ্ট জানান, দুপুরের মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনটি চালু না করলে শীর্ষ আদালত এই বিষয়ে নিজে হস্তক্ষেপ করবে। প্রসঙ্গত, NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং বিভিন্ন পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে গত ২০ জুলাই থেকে ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই সেন্ট্রাল দিল্লির সুপ্রিম কোর্ট সহ মোট ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ডিএমআরসি।