প্রবল বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে আসামের বন্যা, মৃত বেড়ে ৪৭; ভাসছে ৭ লক্ষাধিক মানুষ

লাগাতার বৃষ্টি এবং নদনদীর জলস্তর বৃদ্ধির ফলে আসামের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। উত্তর-পূর্বের এই রাজ্যের ১১টি জেলা বর্তমানে জলমগ্ন এবং এর ফলে ৭ লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সবচেয়ে খারাপ অবস্থা শিবসাগর জেলার। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন এখনও পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে এবং রাজ্যজুড়ে ১০০টিরও বেশি ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। প্রধান নদীগুলির জলস্তর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি থাকলেও বড় বৃষ্টির আশঙ্কা নেই। তবে রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হতে পারে।