দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে পর্যন্ত চলবে কলকাতার দুর্যোগ? জানুন আবহাওয়ার খবর

বর্ষার মরসুমে ফের একবার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, আগামী সপ্তাহ থেকে সেখানে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা: শ্রাবণের শুরুতে কলকাতার আকাশ মেঘলা। গত কয়েক দিন ধরেই চলছে রোদের লুকোচুরি খেলা, সঙ্গে কোথাও ঝিরঝিরে তো কোথাও মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।
তবে এর মধ্যেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া কলকাতার আকাশ আগামী বেশ কিছুদিন মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। সমুদ্রেও আপাতত নতুন করে কোনো বিশেষ সতর্কতা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: উত্তরের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কমলেও আগামী সপ্তাহে তা আবার বাড়তে পারে। শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রবিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া রবিবার থেকে আলিপুরদুয়ারে, সোমবার জলপাইগুড়িতে, মঙ্গলবার কালিম্পঙে এবং বুধবার থেকে দার্জিলিঙে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। অন্যদিকে, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম)।