‘শিক্ষাব্যবস্থা ধ্বংস করে অপরাধীদের বাঁচাচ্ছেন মোদী!’ ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণায় তীব্র আক্রমণ রাহুলের

দেশজুড়ে নিট প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থার সংকটকে কেন্দ্র করে তৈরি হওয়া ছাত্র আন্দোলনের আবহে অপরাধীদের শাস্তির জন্য ‘ফাস্ট ট্র্যাক আদালত’ গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই তাঁকে চরম আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
বুধবার এক্স (X)-এ প্রধানমন্ত্রী লিখেছিলেন, যুবসমাজের ভবিষ্যতের ক্ষতিকারীদের রেহাই দেওয়া হবে না। এর পাল্টা জবাবে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন আপনিই। শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার সুযোগ দিয়ে উল্টে অপরাধীদের সুরক্ষাও দিয়েছেন।” একইসঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো তুলে ধরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত, নিঃশর্ত ক্ষমা এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও মোদীকে আক্রমণ করে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত টাওয়ার থেকে বেরিয়ে তরুণ-তরুণীদের চোখের দিকে তাকাতে, যারা সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে রাস্তায় রক্ত ঝরিয়েছে। খাড়গের অভিযোগ, বর্তমান জরাজীর্ণ শিক্ষাব্যবস্থায় যুবসমাজের জন্য ফাঁকা বুলির কোনো প্রয়োজন নেই। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও নিট প্রশ্নফাঁস ও ছাত্র বিক্ষোভের জেরে রাজধানীর রাজনৈতিক পারদ এখন চরমে।