আদালত বিনোদন চ্যানেল নয়! সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়ার ক্লিপ শেয়ারে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের

আদালত বিনোদন চ্যানেল নয়! সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়ার ক্লিপ শেয়ারে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের

আদালত কোনো ২৪ ঘণ্টার বিনোদনমূলক মাধ্যম নয়। সোশ্যাল মিডিয়ায় বিচার প্রক্রিয়ার অপব্যবহার নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে জানিয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়া বিচার প্রক্রিয়ার কোনো অডিও-ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট, রি-পোস্ট বা আপলোড করা যাবে না।

শীর্ষ আদালতের নির্দেশ ও পর্যবেক্ষণ:

  • বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা: বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও রেকর্ডের যথেচ্ছ অপব্যবহার, অননুমোদিত সংগ্রহ, তথ্য পরিবর্তন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের (মনিটাইজেশন) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • অনুমতির কড়াকড়ি: সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল কিংবা সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের লিখিত অনুমতি ছাড়া এখন থেকে আদালতের কোনো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যাবে না।
  • সংবাদ মাধ্যমের স্বাধীনতা: আদালত স্পষ্ট করেছে যে, মূলধারার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের আদালত কক্ষের কার্যক্রম নিয়ে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে এই নির্দেশের ফলে কোনো বাধা সৃষ্টি হবে না।

মামলার নেপথ্য কারণ:

সাংবাদিক হর্ষিতা গ্রোভারের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আবেদনকারীর আইনজীবী বিকাশ সিং জানান, বর্তমানে বিচার প্রক্রিয়ার সম্পাদিত বা এডিট করা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বর্তমান সময়ে ডিজিটাল ডেটা ও তথ্য নিয়ন্ত্রণ করা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থাকে নোটিশ পাঠিয়ে তাদের মতামত তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *