শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ? পদত্যাগ করলেন ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল

শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ? পদত্যাগ করলেন ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল

অসুস্থতার কারণ দেখিয়ে পুরুলিয়ার ঝালদার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন সুরেশ আগরওয়াল। শনিবার তিনি ঝালদার মহকুমাশাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পুরপ্রধানের দায়িত্ব ছাড়ার পাশাপাশি তিনি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করেছেন। তাঁর এই পদত্যাগপত্রের প্রতিলিপি রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী, দফতরের প্রধান সচিব, পুরুলিয়ার জেলাশাসক এবং পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁর ছেলে রোহিত আগরওয়াল জানিয়েছেন, “বাবা ভীষণ অসুস্থ। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কারণেই তিনি পুরপ্রধান ও কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।”

উল্লেখ্য, ঝালদা পৌরসভায় মোট ১২টি আসন রয়েছে। ২০২২ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮টি আসন পেলেও পরবর্তীতে দুই নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। পরে তৃণমূলের একাংশের অনীহা এবং রাজনৈতিক সমীকরণের জেরে পরিস্থিতি জটিল হয়। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। রাজ্য রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে তিনি পৌরসভায় যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন, যার জেরে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল এবং চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন সাধারণ মানুষ। তবে পরিবারের দাবি, শারীরিক অসুস্থতাই এই ইস্তফার মূল কারণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *