ঘরে বসেই সেরে ফেলুন সেন্সাস: অনলাইনে ‘স্ব-শুমারি’ শুরু আজ থেকেই, জানুন ধাপে ধাপে আবেদন পদ্ধতি
August 1, 20261:08 pm

কলকাতা: প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে শনিবার থেকেই দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনশুমারি বা সেন্সাস প্রক্রিয়া। এবার সাধারণ নাগরিকরা চাইলে প্রথম ধাপেই ঘরে বসে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন— যাকে বলা হচ্ছে ‘সেল্ফ-এনিউমারেশন’ বা স্ব-শুমারি।
আজ থেকে শুরু হওয়া এই অনলাইন প্রক্রিয়া চলবে আগামী ১৫ অগস্ট পর্যন্ত। এরপর ১৬ অগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের ‘ফিল্ড-এনিউমারেশন’ (সরেজমিনে তথ্য সংগ্রহ), যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
অনলাইনে ‘সেল্ফ-এনিউমারেশন’ কীভাবে করবেন?
পোর্টাল:se.census.gov.in
- লগ-ইন ও প্রাথমিক তথ্য: পোর্টালে ঢুকে নিজের রাজ্য, পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি দিতে হবে।
- ভাষা বাছাই ও ওটিপি: পছন্দের ভাষা নির্বাচন করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
- ঠিকানা ও মানচিত্র: পরবর্তী ধাপে জেলা, পিন কোড এবং গ্রাম বা শহরের বিবরণ দিতে হবে। একটি ডিজিটাল ম্যাপ বা মানচিত্র ফুটে উঠবে, যেখানে নিজের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে।
- হাউস লিস্টিং ও সাবমিশন: বাড়ি সংক্রান্ত তথ্য দেওয়ার পর স্ক্রিনে একটি ‘প্রিভিউ’ দেখা যাবে। প্রদত্ত সমস্ত বিবরণ খতিয়ে দেখে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে।
- আইডি সংরক্ষণ: প্রক্রিয়াটি সফলভাবে শেষ হলে একটি নির্দিষ্ট আইডি (ID) তৈরি হবে। ভবিষ্যতের জন্য এই আইডি নম্বরটি কোথাও লিখে রাখা বা সেভ করে রাখা জরুরি।
তথ্য সংগ্রহে স্কুল শিক্ষার্থী ও পুরসভার উদ্যোগ
জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ ও নিখুঁত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। শহরের সরকারি ও বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এই কাজে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
- শিক্ষার্থীদের ভূমিকা: পুর প্রশাসনের আশা, প্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে অন্তত ১০টি করে পরিবারের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করতে সাহায্য করতে পারবে।
- বিশেষ প্রশিক্ষণ: পুরকর্মীদেরও এই কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
- বরো অফিসে হেল্পডেস্ক: সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ১ অগস্ট থেকেই প্রতিটি বরো অফিসে ৫টি করে হেল্পডেস্ক চালু করা হয়েছে, যেখানে প্রশিক্ষিত কর্মীরা সহায়তার জন্য প্রস্তুত থাকবেন।