“অভিমুখ বদলাতে সময় লাগবে না!” দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে অভিযুক্তদের লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ বা ডিম ছোঁড়ার ঘটনা দেখা যাচ্ছে। একাধিক জায়গায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নেতাদের ঘিরে ডিম দিয়ে একপ্রকার ‘স্নান’ করিয়ে দিচ্ছে। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজের দলের কর্মীদের একাংশকেই কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “জনগণের ক্ষোভের অভিমুখ বদলাতে কিন্তু একদম সময় লাগবে না।” এর পাশাপাশি তিনি অকপটে স্বীকার করে নেন যে, এখনও রাজ্য থেকে তোলাবাজি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি।
শনিবার রাজারহাটের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে অনুষ্ঠিত ‘উদ্যমী সমাগম’ কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন শমীক ভট্টাচার্য। তিনি জানান, নতুন ‘ডবল ইঞ্জিন’ সরকার শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং দুর্নীতি, তোলাবাজি কিংবা কাটমানির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তবে বাস্তব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আমি যদি দলের প্রতিনিধি হিসেবে দাবি করি যে রাজ্যের সব জায়গা থেকে তোলাবাজি বন্ধ হয়ে গেছে, তবে তা ভুল হবে। কিছু জায়গায় এখনও বিচ্যুতি রয়ে গেছে। দীর্ঘদিন ধরে চলা একটা সিন্ডিকেট রাজ বা বিশেষ ব্যবস্থার প্রভাব শুধু সরকার বদলালেই রাতারাতি বদলে যায় না।” এমনকি বিজেপিতে যোগ দিয়ে যারা ক্ষমতার অসৎ সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরও কড়া হুঁশিয়ারি দেন তিনি।
পরবর্তীকালে সন্ধ্যায় রাজারহাট-নিউটাউনে দলীয় কার্যালয় উদ্বোধনে গিয়ে তিনি পুনরায় কর্মীদের সতর্ক করে বলেন— দুর্নীতির অভিযোগ এভাবে উঠতে থাকলে দল হিসেবে বিজেপির গ্রাফ যেমন দ্রুত উপরে উঠেছে, তেমনই দ্রুত তা নিচে নেমে যেতেও সময় নেবে না।