রহস্যময় ‘নাজ়কা লাইনস’ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি: পেরুতে পর্যটকবাহী বিমান ভেঙে মৃত ১৩!

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজ়কা লাইনস’ (Nazca Lines) দেখতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ আমেরিকার পেরুতে একটি ছোট পর্যটকবাহী বিমান ভেঙে পড়ে ২ জন পাইলট ও ১১ জন পর্যটক-সহ মোট ১৩ জনের করুণ মৃত্যু হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার পেরুর পিসকো (Pisco) বিমানবন্দর থেকে ‘এরোডায়নার’ নামে একটি বেসরকারি সংস্থার ছোট সাইটসিয়িং বিমানটি আকাশে ওড়ে। উদ্দেশ্য ছিল আকাশপথ থেকে মরুভূমির বুকে আঁকা বিশাল রহস্যময় জিওগ্লিফগুলি পর্যটকদের দেখানো।
কিন্তু টেকঅফের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে বিমানটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই নাজ়কা শহরের কাছে পুয়েবলো ভিয়েখো (Pueblo Viejo) এলাকায় বিমানটির দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা। ঘটনাস্থলেই বিমানে থাকা ১৩ জনের প্রত্যেকের মৃত্যু হয়।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পেরুর সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (DGAC) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে সূত্রের খবর, দুর্ঘটনার ঠিক আগের দিনই ওই এলাকায় ৪ুকিমোমি/ঘণ্টারও বেশি বেগে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছিল, যার ফলে দৃশ্যমানতা মারাত্মক কমে যায় এবং একাধিক উড়ান বাতিল করা হয়েছিল। ফলে এই দুর্ঘটনায় খারাপ আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিহত ১১ জন যাত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আনন্দঘন ছুটির দিনে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পর্যটন জগতে।