“পদ্মফুলটা রাখেননি তো?” তৃণাঙ্কুর-প্রতীক বিতর্কে মমতাকে তীব্র তোপ দিলীপের, মুখ খুললেন দলের ‘বেনোজল’ নিয়েও!

কলকাতা: সোমবার সকালে প্রাতঃভ্রমণ সেরে সোজা স্বমেজাজে পাওয়া গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। ডাবের জলে চুমুক দিতে দিতে রাজ্য রাজনীতির একাধিক গরম ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি।
তৃণমূলের প্রতীক ও লোগো পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “পদ্মফুলটা রাখেননি তো আবার? জোড়াফুল-গোটাফুল করে আর কী হবে! বিধায়ক বা পার্টি অফিস তো নেই, এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে।”
দলের অন্দরে ‘বেনোজল’ ঢোকা নিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ স্পষ্ট জানান, কোটি কোটি টাকা নিয়ে অনেকে বিজেপিতে ঢোকার জন্য মুখিয়ে থাকলেও দল সতর্ক রয়েছে। কোনো অসাধু ব্যক্তিকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
এর পাশাপাশি মালদহে টাকার পাহাড় উদ্ধার এবং অন্যান্য দুর্নীতি নিয়ে রাজ্য পুলিশকে তোপ দেয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ ভ্রমণকেও রাহুল গান্ধীর “ফেরার” কালচারের সঙ্গে তুলনা করেন তিনি। জয় গোস্বামীর ‘থ্রেট কালচার’ বিষয়ক মন্তব্যকে এতদিন পর কেন মনে পড়ল, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তসলিমা নাসরিনের ইউসিসি (UCC) সমর্থনের বক্তব্যকেও তিনি ইতিবাচকভাবে দেখেন।