জন্মদিনের পার্টির ছলে ফ্ল্যাটে ডেকে বান্ধবীকে ধর্ষণ! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় লাখ টাকা প্রতারণায় ধৃত যুবক

জন্মদিনের পার্টির ছলে ফ্ল্যাটে ডেকে বান্ধবীকে ধর্ষণ! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় লাখ টাকা প্রতারণায় ধৃত যুবক

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক—তারই চরম মাশুল গুনতে হলো দক্ষিণ কলকাতার এক তরুণীকে। জন্মদিনের পার্টির অজুহাতে ফাঁকা ফ্ল্যাটে ডেকে নিয়ে বান্ধবীকে ধর্ষণ এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হলো অনুভব ভট্টাচার্য নামে এক যুবককে।

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল সাইটেই অনুভবের সঙ্গে প্রথম পরিচয় হয় তরুণীর। অনুভবের শান্ত স্বভাব ও মার্জিত ব্যবহারে বিন্দুমাত্র সন্দেহ হয়নি ওই তরুণীর। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক প্রেমে গড়ায়। সম্প্রতি এক বন্ধুর জন্মদিনের পার্টি আছে বলে তরুণীকে একটি ফাঁকা ফ্ল্যাটে ডেকে পাঠায় অনুভব। তরুণী সেখানে গিয়ে দেখেন ফ্ল্যাটে কেউ নেই, একা অনুভব রয়েছে। অভিযোগ, সেই ফাঁকা ফ্ল্যাটের সুযোগ নিয়ে তরুণীকে প্রথমবার ধর্ষণ করে অনুভব।

এরপর ঘটনাটি ধামাচাপা দিতে এবং সম্পর্ক টিকিয়ে রাখতে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। সেই সুযোগে একাধিকবার ধর্ষণের পাশাপাশি ব্যবসা করার অজুহাত দেখিয়ে তরুণীর থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় অনুভব।

টাকা হাতে পাওয়ার পর থেকেই তরুণীর সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেয় এবং তাঁকে এড়িয়ে চলতে শুরু করে অভিযুক্ত যুবক। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অবশেষে যাদবপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অনুভব ভট্টাচার্যকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। পুলিশি হেফাজতে রেখে আপাতত ঘটনার বিশদ তদন্ত চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *