“পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে”, নিট ও পিএসসি প্রশ্নফাঁসে কেন্দ্রকে খোঁচা সঙ্ঘের ছাত্র সংগঠনের

“পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে”, নিট ও পিএসসি প্রশ্নফাঁসে কেন্দ্রকে খোঁচা সঙ্ঘের ছাত্র সংগঠনের

নিট (NEET) বিতর্কের পর এবার দেশের একাধিক রাজ্যের প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে সরব হলো আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ১ ও ২ আগস্ট কেরলের এর্নাকুলমে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার এক বিবৃতিতে এবিভিপি স্পষ্ট জানায়, ঝাড়খণ্ড (JPSC), বিহার (BPSC), কর্নাটক (KPSC) এবং পাঞ্জাবের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে চলা ছাত্র-আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সংহতি রয়েছে।

এভাব প্রসঙ্গে এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ সোলাঙ্কি বলেন, “ঘন ঘন প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।” পরীক্ষার্থীদের স্বার্থে একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ব্যবস্থা গড়ে তুলতে উচ্চপর্যায়ের কমিটির কাছে সংগঠন শীঘ্রই তাদের সুপারিশ জমা দেবে বলে জানান তিনি। একই সাথে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে দাঁড়াতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এবিভিপি।

বৈঠকে নেওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

  • দেশাত্মবোধক কর্মসূচি: ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ক্যাম্পাস টু ক্যাম্পাস বন্দে মাতরম’ এবং আগামী স্বাধীনতা দিবস কেন্দ্র করে ‘এক গ্রাম–এক তিরঙ্গা’ অভিযানের পরিকল্পনা করা হয়েছে।
  • আইনগত সুরক্ষাকে স্বাগত: সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল পাস করে ‘বন্দে মাতরম’-কে আইনি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে।
  • সচেতনতা বৃদ্ধি: শিক্ষার্থীদের অতিরিক্ত ডিজিটাল আসক্তি কমাতে ‘স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইম’ কর্মসূচির ওপর বিশেষ জোর দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *