‘সরকারের কোনো সম্পর্ক নেই’, হাসিনার দিল্লি বক্তৃতা নিয়ে মুখ খুলল ভারত

নয়াদিল্লি: দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’-য় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভার্চুয়াল ভাষণকে ঘিরে কূটনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অনুষ্ঠান শুরুর আগেই এই বিষয়ে নিজেদের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট করে দিল ভারত সরকার। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই বেসরকারী অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক বা যোগসূত্র নেই। পাশাপাশি, এই মঞ্চে ব্যক্ত করা কোনো মতামতকেও নয়াদিল্লি সমর্থন করে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার, এই ঘটনার দুই বছর পূর্তির দিনে উক্ত ক্লাবে তাঁর ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে। সূত্রের খবর, এই অনুষ্ঠানে তিনি কোনো রাজনৈতিক মন্তব্য বা সাংবাদিক বৈঠক করবেন না, কেবল ধন্যবাদ জ্ঞাপন করবেন।
তবে এই অনুষ্ঠান ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে ঢাকা। সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা আর্জি জানান, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য না করেন। ঢাকার এই উদ্বেগের পরই ভারত সরকার তাদের নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করে দিল।