“শুভেন্দুর সঙ্গে কথা বলো!”— অভিষেকের বিদেশযাত্রা নিয়ে মদন মিত্রের সোজা বোমা!

কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে এবার বিস্ফোরক দাবি করে বসলেন তাঁরই দলের বর্ষীয়ান বিধায়ক মদন মিত্র। রাজনৈতিক ও আইনি জটিলতা এড়িয়ে অভিষেকের বিদেশযাত্রার পথ সুগম করতে নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগের অফার পর্যন্ত দেওয়া হয়েছিল— এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি।
মদন মিত্রের দাবি এখানেই থেমে থাকেনি। তিনি আরও জানান, এই আলোচনার পরেই নাকি অভিষেক তাঁকে বলেছিলেন, “শুভেন্দুর (অধিকারী) সঙ্গে কথা বলে আমাকে জানাও কী হলো!” অর্থাৎ, বিদেশ যাওয়ার ব্যাকুলতায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগের রাস্তা খোঁজা হচ্ছিল বলে ইঙ্গিত দিয়েছেন মদন।
স্বাভাবিকভাবেই, নিজ দলেরই এক নম্বর হেভিওয়েট নেতার বিরুদ্ধে মদন মিত্রের এই টানা আক্রমণাত্মক মন্তব্যে রাজনৈতিক করিডোরে তুমুল তোলপাড় শুরু হয়েছে। শাসকদলের ভেতরের সমীকরণ ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
তবে মদন মিত্রের এই ধামাকাদার অভিযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের পর মদনের এই ‘বোমা’ যে রাজ্য রাজনীতিতে নতুন করে জলঘোলা করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।