এখনই হস্তক্ষেপ নয়! রাজ্য ‘গুন্ডাদমন আইন’ মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের

কলকাতা: রাজ্যের বহুল চর্চিত ‘গুন্ডাদমন আইন’ নিয়ে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনটি এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। তাই এই পরিস্থিতিতে আদালত আগাম কোনও হস্তক্ষেপ করবে না।
শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট’ এখনও রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে এই আইনের ভিত্তিতে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারে না। রাজ্যের এই যুক্তির ভিত্তিতেই ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, যে আইন এখনও বলবৎই হয়নি, তা নিয়ে এখনই আইনি প্রশ্ন তোলা বা পদক্ষেপ করা সম্ভব নয়।
তবে আদালত এ-ও জানিয়েছে যে, ভবিষ্যতে রাষ্ট্রপতির সইয়ের পর আইনটি কার্যকর হলে অথবা সরকার এর ভিত্তিতে কোনও বিজ্ঞপ্তি জারি করলে, আবেদনকারীরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন। তখন আইন অনুযায়ী তা বিবেচনা করা হবে।
অন্য একটি মামলায় রাজ্যকে হলফনামার নির্দেশ: গুন্ডাদমন আইনের মামলা খারিজ হলেও, ‘ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৭২’-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে করা অন্য একটি জনস্বার্থ মামলায় শুনানি চালিয়ে যাবে হাইকোর্ট। এই বিষয়ে রাজ্যকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে পাল্টা জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর।