উপস্থিতি হাতে গোনা, পোর্টালে ১০ গুণ! মিড-ডে মিলে কারচুপি ধরে প্রধানশিক্ষককে শোকজ বিডিও-র

উপস্থিতি হাতে গোনা, পোর্টালে ১০ গুণ! মিড-ডে মিলে কারচুপি ধরে প্রধানশিক্ষককে শোকজ বিডিও-র

পটাশপুর: স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা বাস্তবে একেবারেই নগণ্য, অথচ সরকারি পোর্টালে সেই সংখ্যা দেখানো হয়েছে প্রায় ১০ গুণ! পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লকের নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনে মিড-ডে মিল নিয়ে এমনই চাঞ্চল্যকর কারচুপির অভিযোগ সামনে এসেছে। আকস্মিক পরিদর্শনে গিয়ে এই জালিয়াতি হাতেনাতে ধরে ফেলেন বিডিও করিমুল ইসলাম। জালিয়াতির অভিযোগে স্কুলের প্রধানশিক্ষক বিকাশ বেরাকে ইতিমধ্যেই শোকজ নোটিশ ধরিয়েছে ব্লক প্রশাসন।

দীর্ঘদিন ধরেই ওই স্কুলে মিড-ডে মিল বণ্টন এবং নথিপত্রে গরমিলের অভিযোগ উঠছিল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে রান্না চলাকালীন হঠাৎই স্কুলে সারপ্রাইজ ভিজিট করেন বিডিও। সেখানে গিয়ে তিনি দেখেন, বাস্তবে যতজন পড়ুয়ার জন্য রান্না হচ্ছে, সরকারি খাতায় তার প্রায় দশগুণ বেশি উপস্থিত দেখিয়ে তথ্য আপলোড করা হয়েছে।

এই চরম গরমিল নিয়ে প্রধানশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপরেই তাঁর হাতে শোকজের নোটিশ তুলে দিয়ে দ্রুত লিখিত জবাব তলব করেন বিডিও করিমুল ইসলাম। সরকারি প্রকল্পে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *