ইতিহাসে প্রথমবার: ‘হর ঘর তিরঙ্গা’য় সামিল রাজ্য, ৭০ লক্ষ পতাকা বিলির মেগা নির্দেশ নবান্নের!

কলকাতা: এই প্রথমবার কেন্দ্র সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ, বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি, পদযাত্রা, আলোকসজ্জা সহ একগুচ্ছ দেশাত্মবোধক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। ‘নেশন ফার্স্ট’ বা ‘দেশ সর্বাগ্রে’— এই ভাবনাকে সম্বল করেই রাজ্য এই কর্মসূচিতে অংশ নিচ্ছে।
নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, গত ৫ অগাস্ট থেকেই রাজ্যজুড়ে জাতীয় পতাকা বিতরণের কাজ শুরু হয়ে গিয়েছে। কর্মসূচির সফল রূপায়ণে রাজ্যের ২২টি জেলা, কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরনিগম, মহকুমা, ব্লক এবং পুরসভাগুলিতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ক্লাব ও সাধারণ মানুষকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উৎসবের আবহ তৈরি করতে আগামী ১৪ অগাস্ট দুপুর ৩টেয় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিতে মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনিক শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে, যার মধ্যে ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন।
এছাড়া রাজ্যজুড়ে , বসে আঁকো, দেশাত্মবোধক গান ও আলোচনার পাশাপাশি সরকারি ভবন ও ঐতিহাসিক স্থানগুলিকে জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হবে। ব্যবসায়ী ও শিল্প সংস্থাগুলিকেও আলোকসজ্জার অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি ৭ অগাস্ট ভবানীপুরে নাগরিকদের সাথে নিয়ে একটি পৃথক অরাজনৈতিক তিরঙ্গা যাত্রার আয়োজনও করা হয়েছে।