বিপদে ‘কমেডি কিংস’! বকেয়া না মেটালে রাজপালের সম্পত্তি নিলামে তুলছে সেন্ট্রাল ব্যাঙ্ক

বলিউড অভিনেতা রাজপাল যাদবের আইনি ও আর্থিক সংকট আরও গভীর হলো। ১৬.৬১ কোটি টাকার বকেয়া ঋণ শোধ না করায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তাঁর পৈতৃক সম্পত্তিতে সিজার/অ্যাটাচমেন্ট নোটিস টানিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া টাকা না মেটালে অনলাইনে এই সম্পত্তি নিলামে তোলা হবে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে।

শাহজাহানপুরের কুন্দ্রা গ্রামে অভিনেতার পৈতৃক বাড়িসহ দুটি সম্পত্তিতে এই নোটিস সাঁটানো হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.১৯ কোটি টাকা।

কীভাবে তৈরি হলো এই বিশাল দেনা? এই আর্থিক সংকটের সূত্রপাত ২০০৫ সালে। রাজপাল যাদব তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবি ‘আতা পতা লাপতা’-র জন্য সেন্ট্রাল ব্যাঙ্কের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স শাখা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। বন্ধক হিসেবে রাখা হয়েছিল শাহজাহানপুরের সম্পত্তি, যেখানে গ্যারান্টার ছিলেন তাঁর স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী যাদব। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ঋণ শোধ করা সম্ভব হয়নি। সুদে-আসলে সেই বকেয়াই আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৬১ কোটি টাকায়।

পরিবারের দাবি ও ব্যাঙ্কের বক্তব্য: তবে অভিনেতার পরিবার এই নিলামের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। রাজপালের দাদা শ্রিপাল যাদব জানান, “বিষয়টি পুরনো। ব্যাঙ্কের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে এবং খুব জলদিই সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পত্তি নিলামের মতো পরিস্থিতি তৈরি হবে না।”

অন্যদিকে, সেন্ট্রাল ব্যাঙ্কের ম্যানেজার অনুজ বর্মা নিশ্চিত করেছেন যে আগেও দু’বছর আগে সমঝোতা হয়েছিল, কিন্তু বকেয়া না মেটানোয় বাধ্য হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই ঋণ সংক্রান্ত চেক বাউন্স মামলাতেও রাজপাল যাদব আগেই তিহাড় জেলে সাজা খেটেছেন এবং আপাতত অন্তর্বর্তী জামিনে বাইরে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *