“টুপি নয়, হেলমেটই বাঁচাবে প্রাণ!”— সোনারপুরে ‘দাবাং’ স্টাইলে পুলিশের পথ নিরাপত্তা পাঠ

এদিন পশ্চিমবঙ্গ সরকারের পথ নিরাপত্তা বিষয়ক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বারুইপুর জেলা পুলিশের সোনারপুর ট্রাফিক বিভাগ এবং নাগরিক সেবা সঙ্ঘের যৌথ উদ্যোগে একটি বিশেষ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির মূল উদ্দেশ্য পথ চলতি সাধারণ মানুষ এবং সকল গাড়ি চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
পুলিশ এবং নাগরিক সেবা সঙ্ঘের পক্ষ থেকে প্রত্যেক গাড়ি চালকদের কাছে আবেদন জানানো হয় যে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন। তারা মাইকের মাধ্যমে প্রচার করেন যে পথ দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর কারণই অতিরিক্ত গতি। একইসাথে মদ্যপান করে গাড়ি চালানো থেকে বিরত থাকার বার্তা দেয় তারা। নাগরিক সেবা সঙ্ঘের সদস্যরা গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন যে “আপনাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে আপনার নিজের এবং সাধারণ মানুষের মূল্যবান প্রাণহানি ঘটতে পারে”। এবং তারা গাড়ি চালকদের সতর্ক করেন যে ট্রাফিক আইন ভঙ্গের বিষয়ে সরকারের কঠোর আইন রয়েছে।এদিনের কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল অভিনব সচেতনতামূলক প্রয়াস।হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের নাগরিক সেবা সঙ্ঘ এবং পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল ও চকলেট দিয়ে সম্মান জানানোর পাশাপাশি সচেতন করার চেষ্টা করা হয়েছে।

এদিনের কর্মসূচি চলাকালীন টুপি মাথায় এক মোটরসাইকেল চালক কে দেখে সোনারপুর ট্রাফিক পুলিশের ওসি সুকান্ত পুরকাইত দাবাং ভঙ্গিতে বলেন “টুপি প্রাণ বাঁচাবে না হেলমেট ব্যবহার করুন।
এছাড়াও নাগরিক সেবা সঙ্ঘের পক্ষ থেকে সকলকে বার্তা দেওয়া হয়েছে যে ট্রাফিক আইন মেনে চলার, সুষ্ঠুভাবে গাড়ি চালানোর এবং পথ চলতি সকল মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাহায্য করার। নিজে সুরক্ষিত থাকার, অন্যকেও সুরক্ষিত রাখার। বেআইনি ভাবে ফুটপাত দখল করে ব্যবসার জন্য সাধারণ মানুষদের ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে চলাচলের জন্য দূর্ঘটনা ঘটছে, সে বিষয়েও নাগরিক সেবা সঙ্ঘের সদস্যরা সোচ্চার হয়েছেন।