মাসোহারা বন্ধ হতেই মারধর! দুর্গাপুরে অ্যাম্বুল্যান্স চালককে রাস্তায় ফেলে পিটালেন প্রাক্তন কাউন্সিলর

মাসোহারা বন্ধ হতেই মারধর! দুর্গাপুরে অ্যাম্বুল্যান্স চালককে রাস্তায় ফেলে পিটালেন প্রাক্তন কাউন্সিলর

দুর্গাপুর: ক্ষমতা হাতছাড়া হলেও দাপট যে এতটুকু কমেনি, দুর্গাপুরে ঘটল তারই এক চরম নিদর্শন। তোলাবাজির মাসোহারা দেওয়া বন্ধ করে দেওয়ায় এক অ্যাম্বুল্যান্স চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে?

দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালান মানিক ধীবর নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় প্রতি মাসে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে ১০ হাজার টাকা করে ‘মাসোহারা’ দিতে হতো। প্রাণের ভয়ে অনলাইনে নিয়মিত সেই টাকা পাঠাতেনও তিনি।

তবে সম্প্রতি তোলাবাজির বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ শুরু করায় মানিকবাবু ওই টাকা দেওয়া বন্ধ করে দেন। অভিযোগ, বকেয়া টাকা না পেয়ে গতকাল মদ্যপ অবস্থায় মানিকবাবুর ওপর চড়াও হন ওই প্রাক্তন কাউন্সিলর এবং তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন। আহত চালকের দাবি, ওই এলাকায় প্রায় ৪০টি অ্যাম্বুল্যান্স চলে এবং প্রতি চালকের থেকেই মাসে ১০ হাজার টাকা করে তোলা হতো। নিজের ও পরিবারের নিরাপত্তার খাতিরে তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কী বলছে অভিযুক্ত পক্ষ?

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি। তাঁর পাল্টা দাবি, তোলাবাজি বা টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ হয়নি। তাঁকে জাতপাত তুলে গালিগালাজ করার কারণেই বচসার সৃষ্টি হয়েছিল। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে বলেও দাবি জানান তিনি।

ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *