“৯০% কথা এখনও বাকি!” অভিষেকের বৈঠক নিয়ে মদন মিত্রের সোজা হুঁশিয়ারি, চরম অস্বস্তিতে তৃণমূল

“৯০% কথা এখনও বাকি!” অভিষেকের বৈঠক নিয়ে মদন মিত্রের সোজা হুঁশিয়ারি, চরম অস্বস্তিতে তৃণমূল

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা উসকে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি বিদেশযাত্রার অনুমতি ও রাজনৈতিক সমীকরণ নিয়ে একের পর এক মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। মদন মিত্রের দাবি, বৈঠকের মাত্র “১০ শতাংশ” তিনি প্রকাশ্যে এনেছেন, আসল “৯০ শতাংশ” তথ্য এখনও বলাই হয়নি!

ঠিক কী দাবি করেছেন মদন মিত্র? সংবাদমাধ্যমের সামনে মদন মিত্র স্পষ্ট জানান, “একদিনেই তো সব বলা যায় না, সঠিক দিন আসুক, বাকি সব কথা বলব।” তাঁর কথানুযায়ী, ওই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষও উপস্থিত ছিলেন। সেখানে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ ও বিদেশ যাত্রা নিয়ে আলোচনা হয়।

মদন মিত্রের কথায়, “আমরা অভিষেককে বুঝিয়েছিলাম যে দায়িত্ব ছাড়লে চাপ কমবে। শুনে অভিষেক বলে— ‘তোমরা ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা পাইয়ে দিতে, আমার আমেরিকা যাওয়া দরকার।'” মদন মিত্রের এই মন্তব্যের পর রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন— তবে কি বিদেশযাত্রার অনুমতির জন্য বিজেপির সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিত ছিল?

অস্বস্তিতে কুণাল ঘোষ ও শাসকদল দলের ভেতরের তথ্য এভাবে হাটে হাঁড়ি ভাঙায় অস্বস্তি চেপে রাখতে পারেনি তৃণমূল নেতৃত্ব। দলের মুখপাত্র কুণাল ঘোষ পুরো বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। কুণালবাবু বলেন, “দলের স্বার্থে কোনো আলোচনা হলেও তার অংশবিশেষ বাইরে বলা বা ভুল ন্যারেটিভ তৈরি করা ঠিক নয়।” তবে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি মদন মিত্রের দাবিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়েও দেননি!

যদিও বৃহস্পতিবার বিধানসভায় দুই নেতাকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। পরে মদন মিত্র জানান, কুণাল অন্তত এইটুকু মেনে নিয়েছেন যে তাঁরা দুজনে অভিষেককে বুঝিয়েছিলেন।

গোপন বৈঠকের এই নাটকের জল কত দূর গড়ায় এবং বাকি “৯০ শতাংশ” তথ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়েই এখন সরগরম বাংলার রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *