বাইক দুর্ঘটনায় গুরুতর জখম, ২০ লক্ষ টাকার চিকিৎসার খরচ সামলে অ্যাপ-ক্যাব সংস্থাকে তোপ তরুণীর

বেঙ্গালুরু: অফিসে যাওয়ার পথে অ্যাপ-ক্যাব সংস্থার বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন ৩২ বছর বয়সী সানি কৃষ্ণ। বর্তমানে চিকিৎসায় প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করে সুস্থ হওয়ার লড়াই চালাচ্ছেন তিনি। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, দুর্ঘটনার পর বাইক চালক তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই চম্পট দেয় এবং ক্যাব সংস্থাও কোনো পাশে দাঁড়ায়নি বলে গুরুতর অভিযোগ তুলেছেন এই তরুণী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ওভারটেক করতে গিয়ে বিপত্তি
মূলত কেরালার বাসিন্দা সানি কৃষ্ণ পেশায় একজন ইন্টিরিয়ার ডিজাইনার এবং কর্মসূত্রে বেঙ্গালুরুতেই থাকেন। ঘটনাটি ঘটে গত ১৭ জুন সকালে। বাইরাসান্দ্রার বাড়ি থেকে ডোমলুরের অফিসে যাওয়ার জন্য একটি রাইড-শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোটরবাইক বুক করেছিলেন সানি। অভিযোগ, পথিমধ্যে চালক একটি ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি ফুটব্রিজে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার চোটে সানি বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং পিছন থেকে আসা ট্র্যাক্টরটি তাঁর ওপর দিয়ে চলে যায়। অথচ তাঁকে বাঁচানো তো দূরের কথা, দুর্ঘটনায় জখম সানিকে রাস্তার ওপরেই ফেলে রেখে চম্পট দেয় চালক।
একাধিক অস্ত্রোপচার ও জটিল চিকিৎসা
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে সানিকে একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বেঙ্গালুরুর নামী মণিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় সানির বুকের একাধিক পাঁজর ভেঙে যায়, মুখের হাড় ভেঙে মারাত্মক চোট পান এবং কাঁধেও আঘাত লাগে।
শুধু তা-ই নয়, তাঁর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি ভিত্তিতে প্লীহায় (Spleen) অস্ত্রোপচার করতে হয়। পরবর্তীতে তাঁকে কেরালার কোঝিকোড়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার দীর্ঘদিন কেটে গেলেও তিনি এখনও পুরোপুরি শয্যাশায়ী এবং শারীরিক ট্রমার পাশাপাশি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)-এর চিকিৎসাও চলছে তাঁর।
২৫ লাখের খরচ ও সংস্থার দায় অস্বীকারের অভিযোগ
সানি জানিয়েছেন, এ পর্যন্ত চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তাঁর প্রায় ২৫ লক্ষ টাকা বের হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও বিপুল অর্থের প্রয়োজন।
ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে সানি বলেন, “রাইডারদের নিরাপত্তা নিয়ে যত বড় বড় প্রচারই করুক না কেন, বিপদের দিনে এই অ্যাপ-ক্যাব সংস্থা আমার পাশে বিন্দুমাত্র দাঁড়ায়নি।”
ক্যাব সংস্থার প্রতিক্রিয়া
সানির ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্যাব সংস্থাটির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সরব হন। বিতর্ক চরম আকার ধারণ করলে সংস্থাটি একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে সব অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, তারা সানির পরিবারের সঙ্গে টানা যোগাযোগ রাখছে এবং নিয়ম অনুযায়ী যতদূর সম্ভব সবরকম সাহায্য দেওয়া হবে।