টিভি দেখা নিয়ে সামান্য বচসা! রাতে ডেকে নিয়ে যুবককে নৃশংসভাবে খুন

টিভি দেখা নিয়ে সামান্য বচসা! রাতে ডেকে নিয়ে যুবককে নৃশংসভাবে খুন

গোপালনগর: টিভি দেখা কেন্দ্র করে সামান্য বচসা, আর তারই জেরে এক যুবককে গলায় ফাঁস দিয়ে ও মাথায় পিটিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত বৃদ্ধ পাল্লা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুন্ডা।

শুক্রবার সকালে স্থানীয় খেলার মাঠের পাশে বিশ্বজিতের রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গোপালনগর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি বিশ্বজিৎ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতেন। গত কয়েক মাস ধরে তিনি বাড়িতেই ছিলেন। স্ত্রী বাপের বাড়িতে থাকায় রাতের বেলা বেশিরভাগ সময়টাই কাটাতেন স্থানীয় ক্লাবে টিভি দেখে। অভিযোগ, দিন তিনেক আগে ক্লাবে টিভি দেখা নিয়ে নিতাই ও টোটন নামে দুই স্থানীয় যুবকের সঙ্গে বচসা হয় বিশ্বজিতের। সেই সময় নিতাই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে যখন বিশ্বজিৎ ভাত খেতে বসেছিলেন, তখন নিতাই ও টোটন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মদ্যপ অবস্থায় তাকে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা।

এই নৃশংস খুনের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ‘টোটন’ নামে এক অভিযুক্তকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *