ডিপফেক বা আপত্তিকর পোস্ট করলেই বিপদ! ২ ঘণ্টায় মুছে ফেলার কড়া নির্দেশ কেন্দ্রীয় সরকারের
August 7, 20261:29 pm

টেক ইনফোম্যাট্রিক্স: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে হাতিয়ার করে তৈরি ভুয়ো ছবি, ডিপফেক ভিডিও কিংবা আপত্তিকর অডিওর রমরমা রুখতে এবার কোমর বেঁধে নামল কেন্দ্র। দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও নিরাপদ ও দায়িত্বশীল করতে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) তথ্যপ্রযুক্তি নিয়মে (IT Rules) বড়সড় পরিবর্তনের খসড়া প্রস্তাব এনেছে।
নতুন এই খসড়া প্রস্তাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও টেক-কো ম্পা নিগুলির জন্য একাধিক কড়া বার্তার ইঙ্গিত রয়েছে:
- সরিয়ে নিতে হবে ৩ ঘণ্টার মধ্যে: এতদিন বেআইনি বা ক্ষতিকারক AI কনটেন্ট চিহ্নিত হওয়ার পর তা মোছার জন্য ৩৬ ঘণ্টা সময় পেত প্ল্যাটফর্মগুলি। প্রস্তাবিত নতুন নিয়মে সেই সময়সীমা কমিয়ে মাত্র ৩ ঘণ্টা করা হচ্ছে।
- ছবি-ভিডিওতে ‘AI’ লেবেল বাধ্যতামূলক: ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম বা ইউটিউবে পোস্ট করা যেকোনো AI-জেনারেটেড ছবি, ভিডিও বা অডিওর গায়ে স্পষ্ট দৃশ্যমান ‘AI-Generated’ চিহ্ন ও মেটাডেটা থাকা বাধ্যতামূলক হচ্ছে। ফলে কনটেন্টটির আসল উৎস সহজেই ধরা যাবে।
- ডিপফেক ও সংবেদনশীল কনটেন্টে জিরো টলারেন্স: ডিপফেক, অন্যের ছদ্মবেশ ধারণ, সম্মতি ছাড়া তৈরি ঘনিষ্ঠ ছবি বা শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট (CSAM) আটকাতে অটোমেটেড টেকনিক্যাল টুল ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে, যাতে এগুলো আপলোডই না হতে পারে।
- ২ ঘণ্টার মধ্যে জরুরি পদক্ষেপ: সাধারণ ব্যবহারকারীদের অভিযোগ নিষ্পত্তির সময় ৭২ ঘণ্টা থেকে কমিয়ে ৩৬ ঘণ্টা করার কথা বলা হয়েছে। তবে নগ্নতা বা ছদ্মবেশের মতো অতি সংবেদনশীল ক্ষেত্রে ২৪ ঘণ্টার বদলে মাত্র ২ ঘণ্টার মধ্যে কনটেন্ট ডিলিট করতে হবে।
- ব্যবহারকারীদের সতর্ক করার দায়িত্ব: বেআইনি AI কনটেন্ট শেয়ার করার আইনি পরিণতি সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করার দায়িত্বও নিতে হবে প্ল্যাটফর্মগুলিকেই।
কবে চালু হচ্ছে এই নিয়ম? প্রস্তাবগুলি বর্তমানে জনসমক্ষে এনে সাধারণ মানুষ, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছে। পর্যালোচনার পরই নিয়মগুলি চূড়ান্ত করে গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে।