বিয়ের সানাই বাজার আগেই নিভে গেল প্রদীপ! প্রেমিকাকে ফোনে কথা কাটাকাটির পর রহস্যমৃত্যু তরুণীর

বিয়ের সানাই বাজার আগেই নিভে গেল প্রদীপ! প্রেমিকাকে ফোনে কথা কাটাকাটির পর রহস্যমৃত্যু তরুণীর

গলসি: হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরই চারহাত এক হওয়ার কথা ছিল। ভালোবাসার মানুষের সঙ্গে ছাদনা তলায় বসার স্বপ্ন বুনছিলেন ১৯ বছরের কোয়েল আঁকুড়ে। কিন্তু বিয়ের সানাই বাজার আগেই শেষ হয়ে গেল সব। পূর্ব বর্ধমানের গলসি থানার কুতরুকি গ্রামে নিজের ঘর থেকেই উদ্ধার হলো তরুণীর ঝুলন্ত দেহ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আউশগ্রামের বাসিন্দা সুজয় বণিকের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল কোয়েলের। সম্প্রতি দুই পরিবার বিষয়টি জানতে পারলে কোনো আপত্তি ছাড়াই আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে পাকা করে। কিন্তু এই খুশির আবহেই আচমকা নেমে এলো শোকের ছায়া।

বৃহস্পতিবার রাতে ফোনে প্রেমিক সুজয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় কোয়েলের। এরপর শুক্রবার ভোরে নিজের ঘরেই বোনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁর ভাই। পরিবারের অনুমান, হবু স্বামীর সঙ্গে বচসা ও মনোমালিন্যের জেরেই এই চরম পথ বেছে নিয়েছেন কোয়েল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে, ঘটনার খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে যান গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র।

প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও সামান্য পারিবারিক বা ব্যক্তিগত ঝামেলার কারণে তরুণী আত্মহত্যা করলেন, নাকি এই মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ— তা নিয়ে গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বর্তমানে মৃতার হবু বর ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *