‘জেন-জি’দের দেশবিরোধী তকমা দেওয়া বন্ধ হোক: RSS প্রধান মোহন ভাগবতের প্রশংসায় CJP প্রতিষ্ঠাতা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবতের ‘জেন-জি’ (Gen Z) বা নতুন প্রজন্ম সম্পর্কিত সাম্প্রতিক প্রগতিশীল মন্তব্যের ভূয়সী প্রশংসা করলেন ‘কোকরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। ভাগবতের বক্তব্যের পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি তিনি আরএসএস প্রধানের কাছে একটি বিশেষ আর্জি পেশ করেছেন। দীপকে অনুরোধ করেন, ভাগবত যেন তাঁর অভিভাবকীয় প্রভাব ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেন— যাতে আন্দোলনরত ছাত্রসমাজ ও তরুণদের আর কখনোই ‘দেশবিরোধী’ বলে দাগিয়ে না দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) আয়োজিত এক অনুষ্ঠানে নতুন প্রজন্মের মুখোমুখি হয়ে মোহন ভাগবত জানান যে, তরুণদের নিজস্ব যৌক্তিক দাবিতে আন্দোলন করার পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। তাদের অন্যায়ভাবে দেশবিরোধী হিসেবে চিহ্নিত করা একেবারেই অনুচিত।
তরুণদের প্রতিবাদের অধিকারকে সমর্থন
সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে বলেন, “মোহন ভাগবতের এই বক্তব্যটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, জেন-জি প্রজন্মের প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার আছে এবং তাদের দাবিগুলো যুক্তিসঙ্গত। তরুণদের দেশবিরোধী বলা যাবে না— ভাগবতজির এই মতের সাথে আমি শতভাগ একমত।”
বিজেপি নেতৃত্বকে বার্তা দেওয়ার আর্জি
বিজেপির ওপর আরএসএস-এর আদর্শগত প্রভাবের কথা মনে করিয়ে দিয়ে দীপকে বলেন, মোহন ভাগবত শাসকদলের শীর্ষ নেতৃত্বের অভিভাবকস্বরূপ। তাই কেন্দ্র সরকারের কাছে এই বার্তা পৌঁছানো দরকার যাতে আন্দোলনের পথ বেছে নেওয়া শিক্ষার্থীদের ওপর ‘দেশদ্রোহী’ লেবেল আঁটা বন্ধ করা হয়।
তিনি ক্ষোভের সাথে স্মরণ করিয়ে দেন যে, অতীতে ছাত্র বিক্ষোভ চলাকালে একাধিক প্রভাবশালী বিজেপি নেতা প্রতিবাদীদের অপমানজনক ভাষায় আক্রমণ করেছিলেন। উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষার্থীদের ‘সন্ত্রাসবাদীদের বি-টিম’ এবং নীতিন নবীন তাঁদের ‘ভাইরাস’ বলে কটাক্ষ করেছিলেন। তবে দীপকে আশা প্রকাশ করেন যে, সঙ্ঘপ্রধানের এই প্রগতিশীল অবস্থানের পর বিজেপি নেতারা এবার নিজেদের মনোভাব পরিবর্তন করতে বাধ্য হবেন, কারণ আরএসএস প্রধানের পরামর্শ উপেক্ষা করা বিজেপির পক্ষে কঠিন।