অবশেষে রহস্য ফাঁস! দুমাস কোথায় ছিলেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়?

প্রায় দুমাস নিখোঁজ থাকার পর সিআইডির মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। একটানা জেরা শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে গত দুমাসের অবস্থান নিয়ে মুখ খুললেও এড়িয়ে গেলেন একাধিক বিস্ফোরক প্রশ্ন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এই দীর্ঘ সময় তিনি আশপাশেই ছিলেন এবং আইনি প্রক্রিয়া মেনেই চলছেন। শালবনী ও ডেবরা এলাকার জমি এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তাঁর নাম জড়ালেও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
তদন্তকারীদের মুখোমুখি হয়ে সুমিত রায় সহযোগিতা করার আশ্বাস দিলেও ‘সেবাশ্রয়’ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। রবিবার প্রায় আট ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তিনি জানান, পুলিশ যখনই ডাকবে তিনি হাজিরা দেবেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। এদিকে সিআইডির জিজ্ঞাসাবাদ এখানেই শেষ হচ্ছে না, সোমবার ডেবরা দুর্নীতি মামলায় তাঁকে ফের তলব করা হয়েছে।