দুই দশক পর নজির! হাইকোর্টে একসঙ্গে আট নতুন বিচারপতি, নেতৃত্বে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

দুই দশক পর নজির! হাইকোর্টে একসঙ্গে আট নতুন বিচারপতি, নেতৃত্বে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

কলকাতা: কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিট্ঠলরাও ঘুগে-কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই নতুন সুপারিশে দেশের একাধিক হাইকোর্টের শীর্ষ পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এর আগে, গত ১২ মে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে ৯ জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল কলেজিয়াম। জানা গেছে, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে তাঁদের মধ্যে ৮ জনের নিয়োগেই সবুজ সংকেত দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারই এই ৮ জন নতুন বিচারপতি হিসেবে শপথ নেবেন।

যাঁরা শপথ নিচ্ছেন: আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে মোট ৭২ জন বিচারপতির অনুমোদন থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেশ কম। এই ৮ জন নতুন বিচারপতি দায়িত্ব নিলে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। বিগত দুই দশকেরও বেশি সময়ে কলকাতা হাইকোর্টে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ দেখা যায়নি। আইন বিশেষজ্ঞদের মতে, এই নিয়োগের ফলে হাইকোর্টের দীর্ঘদিনের শূন্যপদ ও বিচারাধীন মামলার জট কিছুটা হলেও কমবে।

পাশাপাশি, সম্প্রতি কলেজিয়ামের তরফে দেশের তিনটি হাইকোর্টের দুই প্রধান বিচারপতি ও একজন বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করারও সুপারিশ করা হয়েছে। কেন্দ্রের কাছে পাঠানো সেই তালিকায় রয়েছেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চান্দুরকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *