মাথায় রিভলভার ঠেকিয়ে ৩.১৫ কোটির ডাকাতি! প্রবীণ আইনজীবীকে হুমকি—‘আরও ৮০ লাখ চাই, আবার আসব’

মাথায় রিভলভার ঠেকিয়ে ৩.১৫ কোটির ডাকাতি! প্রবীণ আইনজীবীকে হুমকি—‘আরও ৮০ লাখ চাই, আবার আসব’

হরিয়ানার থানেসারে এক প্রবীণ আইনজীবীর বাড়িতে ঘটে গেল রোমহর্ষক ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। বৃহস্পতিবার রাতে আইনজীবী বলবন্ত সিং ওয়ালিয়া এবং তাঁর স্ত্রীকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, বিপুল পরিমাণ সোনা-রুপো এবং একটি রিভলভারসহ প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে চার মুখোশধারী দুষ্কৃতী। চম্পট দেওয়ার আগে ডাকাতদের চরম হুঁশিয়ারি—“আবার আসব, আরও ৮০ লাখ টাকা চাই!”

ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রবীণ আইনজীবী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ১০টা নাগাদ বাড়ি ফিরে দেখেন পুরো ঘর তছনছ। শোয়ার ঘরে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর হাত-পা দড়ি দিয়ে বাঁধা, মুখে টেপ আঁটা এবং বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন। কিছু বুঝে ওঠার আগেই বাড়ি লুকিয়ে থাকা দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় এবং হাত-পা বেঁধে মাথায় বন্দুক ঠেকায়।

ডাকাতরা তাকে জানায়, গত ২০ মার্চ তাঁদের বাড়িতে যে ৫০ লক্ষ টাকার ডাকাতি হয়েছিল, সেটির পেছনেও তারাই ছিল। সেদিন ডিজিটাল লকার খুলতে না পেরে তারা আবার ফিরে এসেছে। প্রাণের ভয়ে বলবন্ত সিং লকার খুলে দিতে বাধ্য হন। দুষ্কৃতীরা লকার থেকে ১৭-২০ লক্ষ টাকা নগদ, প্রায় ২ কেজি সোনা, ৪ কেজি রুপো এবং একটি দামি বিগ্রহ হাতিয়ে নেয়।

প্রমাণ লোপাট করতে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর (DVR) ভেঙে ফেলে এবং পুলিশে খবর দিলে প্রাণনাশের হুমকি দেয়।

থানেসার সিটি থানার স্টেশন হাউস অফিসার (SHO) দেবেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আইনজীবীর পরিবারের নিরাপত্তার স্বার্থে তাঁর বাড়িতে আপাতত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *