চুঁচুড়ায় রাস্তায় বিশালাকার ধস, ক্ষুব্ধ বিধায়কের রোষের মুখে কেএমডিএ ইঞ্জিনিয়ার!

টানা বৃষ্টিতে এমনিতেই জেরবার চুঁচুড়াবাসী, তার ওপর প্রধান রাস্তায় দেখা দিল বিশালাকার ধস। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা; কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে একাধিক পরিবার।
চুঁচুড়া পুরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ পিপুলপাতি-বকুলতলা রোড। এই পথেই রয়েছে মহকুমাশাসকের বাংলো, একাধিক স্কুল-কলেজ, অফিস এবং আবাসন। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রাস্তায় জলের পাইপলাইন বসানোর কাজ চালাচ্ছে কেএমডিএ (KMDA)। শনিবার সেখানেই হঠাৎ রাস্তা বসে গিয়ে বড় ধস নামে।
স্থানীয়দের অভিযোগ, কাজ চলায় তারা ঠিকমতো বাড়ি থেকে বের হতে পারছেন না। রাতে ভারী যন্ত্রপাতির ব্যবহারে বাড়িঘর কেঁপে উঠছে, ফলে আতঙ্কে ঘুম উড়ছে সবার। ঠিকাদার সংস্থাকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি; উল্টে কর্মীরা বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ।
ধসের খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বাসিন্দাদের অভিযোগ শুনে তিনি চরম ক্ষুব্ধ হন এবং দায়িত্বে থাকা কেএমডিএ-র ইঞ্জিনিয়ারকে তুমুল ধমক দেন। অনিয়মের অভিযোগ তুলে বিধায়ক বলেন:
“যেখানে বালি দিয়ে গর্ত বোজানোর কথা, সেখানে নিম্নমানের মাটি দেওয়া হচ্ছে! বলেই এই ধস। ঠিকাদার সংস্থার অবহেলার জন্য আমরা সাধারণ মানুষের গালিগালাজ শুনতে পারব না। দ্রুত কাজ শেষ না করলে সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হবে।”
বিষয়টি নিয়ে তিনি পুরসভার প্রশাসক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলেছেন। অন্যদিকে, ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার সাফাই দিয়ে জানান, মাটির সমস্যার কারণে কাজের প্রাথমিক পরিকল্পনা বদলাতে হয়েছে। তবে খুব দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।