অজুহাত বন্ধ! মেটাকে কড়া নির্দেশ কেন্দ্রের: এবার কি ফেসবুক-ইনস্টায় মোদী সরকারের নজরদারি?

অজুহাত বন্ধ! মেটাকে কড়া নির্দেশ কেন্দ্রের: এবার কি ফেসবুক-ইনস্টায় মোদী সরকারের নজরদারি?

ডিপফেক, ভুয়া খবর এবং বিভ্রান্তিকর তথ্যের দাপট রুখতে টেক-জায়ান্ট মেটার (Meta) ওপর এবার চরম অসন্তোষ প্রকাশ করল ভারত সরকার। সরাসরি অজুহাত দেওয়ার দিন শেষ—এমন স্পষ্ট বার্তা দিয়ে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) মেটাকে তাদের অ্যালগোরিদম অবিলম্বে বদলানোর নির্দেশ দিয়েছে। কীভাবে প্ল্যাটফর্ম থেকে সমস্ত বেআইনি ও বিকৃত কনটেন্ট সম্পূর্ণ মুছে ফেলা হবে, তার একটি নির্দিষ্ট ‘কমপ্লায়েন্স রোডম্যাপ’ বা কার্য পরিকল্পনাও জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্র ও মেটার বৈঠকে সরকারের মূল নির্দেশাবলি:

  • অ্যালগোরিদম সংশোধন: ভুয়া খবর, ডিপফেক এবং উসকানিমূলক প্রচার দ্রুত শনাক্ত করতে মেটাকে তাদের অ্যালগোরিদম রি-ডিজাইন করতে হবে।
  • দ্রুত পদক্ষেপ ও ডেটা সুরক্ষা: সরকার বা অনুমোদিত সংস্থা কোনো আপত্তিকর কনটেন্ট চিহ্নিত করলে তা সাথে সাথে সরাতে হবে। পাশাপাশি ভারতের ‘ডেটা-লোকালাইজেশন’ বা তথ্য স্থানীয়করণ নীতি কঠোরভাবে মানতে হবে।
  • জরুরি সমন্বয় টিম: বিকৃত ছবি ও ডিপফেক ঠেকাত সরকারের ‘কুইক রেসপন্স টিম’-এর সাথে সরাসরি সমন্বয় রেখে কাজ করতে হবে মেটাকে।

আইনি পদক্ষেপের প্রসেস শুরু

বৈঠকে মেটার টেকনিক্যাল টিম তাদের বর্তমান কনটেন্ট ফিল্টারিংয়ের সীমাবদ্ধতা স্বীকার করেছে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দিয়েছে। তবে এতেও শান্ত হচ্ছে না কেন্দ্র। মেটা ভারতের আইটি আইন সঠিকভাবে মানছে কি না, তা খতিয়ে দেখে মেটার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সরকার।

কেন এই কড়া সিদ্ধান্ত?

ঘটনার সূত্রপাত সম্প্রতি ঘটে যাওয়া একটি বড় ঘটনা থেকে। দেশের তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি ফেসবুক পোস্ট—যেখানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া সতর্কবার্তা ছিল—তা হঠাৎই মুছে ফেলে মেটা।

পরবর্তীতে মেটা এটিকে ‘কারিগরি ত্রুটি’ বলে ক্ষমা চায় এবং পোস্টটি ফিরিয়ে আনে। কিন্তু তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই ব্যাখ্যাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এরপরই মেটার শীর্ষ কর্মকর্তাদের দিল্লিতে তলব করা হয়। আপাতত দুই পক্ষ আলোচনায় বসতে রাজি হলেও, মেটা সব নিয়ম ঠিকমতো না মানা পর্যন্ত কেন্দ্রের এই কড়া নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *