ব্লাড ব্যাঙ্কে বড় অনিয়ম! কেন্দ্রকে রিপোর্ট দিচ্ছে রাজ্য, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

ব্লাড ব্যাঙ্কে বড় অনিয়ম! কেন্দ্রকে রিপোর্ট দিচ্ছে রাজ্য, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর নড়েচড়ে বসল প্রশাসন। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ব্লাড ট্রানফিউশন কাউন্সিলের তলবের প্রেক্ষিতে শীঘ্রই বিস্তারিত রিপোর্ট পাঠাবে রাজ্য সরকার। রক্ত সংগ্রহ ও বণ্টনের ক্ষেত্রে সরকারি স্তরে বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে নাবালকদের কাছ থেকে রক্ত সংগ্রহের গুরুতর অভিযোগ সামনে আসায় প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, কোনও অবস্থাতেই নাবালকদের থেকে রক্ত সংগ্রহ করা যাবে না এবং সাধারণ মানুষকে উন্নত ও নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক হানায় একাধিক অনিয়ম ধরা পড়ার পর ১১টি সংস্থাকে রক্ত সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে রাজ্যে কোনো রক্ত সঙ্কট নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের মোট ৭১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের মধ্যে ১১টিকে তলব করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নিজে নিয়মিত নজর রাখছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি নেশামুক্তি কেন্দ্রে রক্তদান শিবিরের মতো সন্দেহজনক ঘটনাগুলিরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। স্বচ্ছতা বজায় রাখতে এবং রক্ত সঞ্চালন ব্যবস্থার মান উন্নত করতে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *