ইনক্রিমেন্ট ৩% থেকে ৫%! রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনে নবান্নের বড় সুখবর

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বড় ও ইতিবাচক খবর নিয়ে এলো নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার গঠিত সপ্তম পে কমিশনের ‘শর্তাবলি ও কার্যপরিধি’ সংবলিত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, ডিএ (DA) এবং পেনশন কাঠামোয় বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

বিজ্ঞপ্তির সবথেকে আকর্ষণীয় প্রস্তাবটি হলো কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার বা ইনক্রিমেন্ট ৩% থেকে বাড়িয়ে ন্যূনতম ৫% করা। কমিশনকে এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়েছে।

নতুন প্রস্তাবের প্রধান প্রধান দিকগুলি এক নজরে:

  • ৫% বার্ষিক ইনক্রিমেন্ট: বর্তমানে বছরে ৩% হারে যে ইনক্রিমেন্ট পাওয়া যায়, তা বাড়িয়ে ৫% করার প্রস্তাব রাখা হয়েছে। এতে কার্যকর হলে কর্মচারীদের মূল বেতন দ্রুত বৃদ্ধি পাবে।
  • ন্যূনতম বেতনের নতুন মানদণ্ড: এতদিন পরিবারে ২,৭০০ ক্যালোরি পুষ্টির উপর ভিত্তি করে ন্যূনতম বেতন হিসাব করা হতো। নতুন প্রস্তাবে ৫ সদস্যের পরিবার এবং দৈনিক ৩,৪৯০ ক্যালোরির মানদণ্ড ধরে জীবনযাত্রার খরচের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম বেতন নির্ধারণের কথা বলা হয়েছে।
  • কেন্দ্রের সাথে বেতনের সামঞ্জস্য ও সরলীকরণ: কেন্দ্রীয় সরকারের পে-লেভেলের সঙ্গে যতটা সম্ভব রাজ্য কর্মীদের বেতন কাঠামোর সমতা আনার প্রস্তাব রয়েছে। অপ্রয়োজনীয় ও জটিল বেতন স্তরগুলোকে একত্রিত করে সরলীকরণের ওপর জোর দেওয়া হয়েছে।
  • ডিএ (DA) ও স্থায়ী নির্দেশিকা: সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক (AICPI)-এর ভিত্তিতে ডিএ-র সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে নিয়মিত বিরতিতে ডিএ দেওয়া যায়, সে জন্য একটি নির্দিষ্ট ‘স্ট্যান্ডিং অর্ডার’ তৈরির সুপারিশ করার বিষয়টিও কমিশনের আওতায় রয়েছে।
  • ভাতা পুনর্মূল্যায়ন: বাড়িভাড়া ভাতা (HRA), পরিবহণ ভাতা, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এবং হোস্টেল ভর্তুকির মতো অন্যান্য ভাতাগুলি কেন্দ্রীয় পে কমিশনের সাথে সামঞ্জস্য রেখে পর্যালোচনার প্রস্তাব রাখা হয়েছে।
  • পেনশনভোগীদের জন্য সুবিধা: অবসরের সময়ে জমে থাকা ছুটি নগদীকরণ (Leave Encashment), ১১ বছর পর কমিউটেড পেনশন পুনরুদ্ধার এবং ৩০ জুন অবসর গ্রহণকারী কর্মচারীদের জন্য একটি বাড়তি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়গুলি পর্যালোচনা করা হচ্ছে।
  • দ্রুত প্রমোশন ও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট: কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে বর্তমানে ৮, ১৫ ও ২৪ বছরের ৩টি ধাপ রয়েছে। নতুন প্রস্তাবে কর্মচারীদের সুবিধার জন্য ৫, ৮, ১২, ১৮ ও ২৪ বছরের ৫টি নতুন ধাপ প্রবর্তনের চিন্তাভাবনা চলছে। এছাড়া ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসকদের ফি বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

চূড়ান্ত রিপোর্ট ও বাস্তবায়নের সময়সীমা:

সপ্তম পে কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য অনুযায়ী, কমিশনের এই সমস্ত সুপারিশ পর্যালোচনা করে ২০২৭ সালের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হতে পারে।

যদিও এই প্রস্তাবগুলি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবুও নবান্নের এই পদেক্ষেপে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা ও ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *