ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ! সর্বস্বান্ত হয়ে খোয়ালেন সাড়ে ছ’লক্ষ টাকা!

ফেসবুকে আসা একটি সাধারণ বন্ধুত্বের প্রস্তাব কীভাবে একজন কৃষকের জীবনকে ওলটপালট করে দিতে পারে, তার এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। গুজরাটের রাজকোটে সোশ্যাল মিডিয়াভিত্তিক এক অভিনব প্রতারণার শিকার হয়ে এক কৃষক হারিয়েছেন ৬.৩১ লক্ষ টাকা। নিজেকে ‘সিঙ্গেল মাদার’ পরিচয় দিয়ে এক বিদেশি নারী প্রথমে সামাজিক মাধ্যমে ওই কৃষকের সঙ্গে বন্ধুত্ব পাতান। এরপর বিদেশ থেকে বহুমূল্য উপহার পাঠানোর লোভ দেখিয়ে শুরু হয় দফায় দফায় আর্থিক extortion।
জার্মানি থেকে পাঠানো পার্সেল ছাড়ানোর নাম করে দিল্লি বিমানবন্দরের কাস্টমস অফিসার সেজে ভুক্তভোগীকে ফোন করা হয়। কাস্টমস ডিউটি ও প্রসেসিং ফি বাবদ বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে মোট সাড়ে ছ’লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আরও টাকার দাবি উঠলে কৃষকের সন্দেহ হয় এবং তিনি রাজকোট সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রযুক্তির সাহায্য নিয়ে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা থেকে ঘানা, তানজানিয়া ও দক্ষিণ সুদানের তিন নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের ভিসার মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।