জাতীয় সড়কে টোটো চলাচলে কড়া নিষেধ! নিয়ম ভাঙলেই বড় বিপদ

জাতীয় ও রাজ্য সড়কসহ বড় রাস্তাগুলিতে বেপরোয়া টোটো চলাচল বন্ধ করতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য পরিবহন দফতর। নিয়মের তোয়াক্কা না করে ব্যস্ত সড়কগুলিতে টোটো চলার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে এবং বাড়ছে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে পথ সুরক্ষা সুনিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে নতুন করে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মূলত স্থানীয় গলির রাস্তায় যোগাযোগের সুবিধার্থেই ই-রিকশা চলাচলের অনুমতি রয়েছে। সেই অনুযায়ী ২০১৬ সালেই রাজ্য পরিবহন দফতর নির্দিষ্ট কিছু স্থানীয় রাস্তা ছাড়া জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করেছিল। তবে সরকারি নির্দেশিকা অমান্য করে বড় রাস্তাগুলিতে অবাধে টোটো যাতায়াতের অভিযোগ মেলায় পরিস্থিতি সামাল দিতে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।