হোটেলের ঘরে গান বাজানো নিয়ে বড় রায় হাইকোর্টের! মানতে হবে কোন নিয়ম?

হোটেলের ঘরে গান বাজানো নিয়ে বড় রায় হাইকোর্টের! মানতে হবে কোন নিয়ম?

হোটেলের ঘরে কেবল টিভির মাধ্যমে কপিরাইট-সুরক্ষিত গান বা অনুষ্ঠান দেখানো নিছক ব্যক্তিগত বিনোদন নয় বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, অতিথিদের এই পরিষেবা দিতে হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানের কপিরাইটের মালিক বা সংস্থার কাছ থেকে হোটেল কর্তৃপক্ষকে অবশ্যই বৈধ লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেবল টিভির মাধ্যমে হোটেলের ঘরে গান পৌঁছে দেওয়া সরাসরি কপিরাইট আইনের লঙ্ঘন। দার্জিলিংয়ের জেলা আদালতের আগের একটি নির্দেশ খারিজ করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি লিমিটেড (আইপিআরএস)-এর দায়ের করা মামলায় এই রায় দিয়েছে।

আদালত স্পষ্ট করেছে, কপিরাইট আইন অনুযায়ী কোনও কাজ একাধিক ব্যক্তির কাছে কেবল বা অন্য মাধ্যমে পৌঁছে দেওয়া ‘কমিউনিকেশন টু দ্য পাবলিক’-এর আওতায় পড়ে। হোটেলের ঘর ব্যক্তিগত হলেও সেখানে অতিথিদের এই বিনোদনমূলক সুবিধা দেওয়ার বিষয়টি বাণিজ্যিক ব্যবস্থারই অংশ। টেলিভিশন দেখার জন্য অতিথিদের কাছ থেকে আলাদা করে অর্থ না নিলেও হোটেল এই দায় এড়াতে পারে না। আবাসিক বাড়ি ও হোটেলের মধ্যে আইনে স্পষ্ট পার্থক্য থাকায়, বাড়িতে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে যে ছাড় প্রযোজ্য, তা হোটেলের ক্ষেত্রে কার্যকর নয় বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *