জেলে বন্দিদের মধ্যে ভয়াবহ নেশার বিস্তার! কোন চাঞ্চল্যকর তথ্যে উদ্বেগ বাড়ছে গবেষকদের?

দেশের কারাগারগুলিতে বন্দিদের মধ্যে নেশাজাতীয় পদার্থের ব্যবহার নিয়ে এক চাঞ্চল্যকর গবেষণা প্রকাশ্যে এসেছে। ‘ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ’-এ প্রকাশিত এই সমীক্ষায় দেশের নয়টি রাজ্যের সতেরোটি জেলের সাত হাজারের বেশি বন্দির তথ্য খতিয়ে দেখা হয়েছে। ভারতীয় জেলগুলিতে নেশার প্রবণতা বোঝার ক্ষেত্রে এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় তথ্যভিত্তিক সমীক্ষা বলে দাবি গবেষকদের। সমীক্ষায় দেখা গিয়েছে, অর্ধেকের বেশি বন্দি জীবনে কখনও না কখনও মদ্যপান করেছেন এবং প্রায় বিশ শতাংশের গাঁজা ও এগারো শতাংশের মাদকজাতীয় ওষুধ ব্যবহারের ইতিহাস রয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, বন্দি থাকার সময়ও প্রায় ছয় শতাংশ বন্দি নেশাজাতীয় পদার্থ ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে।
দিল্লির এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারের গবেষকদের মতে, এই পরিসংখ্যান জেল-স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় ঘাটতির দিকে ইঙ্গিত করছে। গবেষণায় উঠে এসেছে যে, কমবয়সি বন্দি এবং অতীতে গাঁজা সেবন করতেন এমন ব্যক্তিদের মধ্যে জেলের ভেতরেও নেশা করার ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষ করে, নেশা হঠাৎ বন্ধ করার ফলে তৈরি হওয়া শারীরিক ও মানসিক যন্ত্রণার সুচিকিৎসা না হলে বন্দিরা ফের নেশার দিকে ঝুঁকে পড়েন। তাই গবেষকদের পরামর্শ, কারাগারে প্রবেশের সময়ই বন্দিদের নিয়মিত স্ক্রিনিং ও নেশার ইতিহাস যাচাই করে দ্রুত বৈজ্ঞানিক চিকিৎসা শুরু করা প্রয়োজন, যা বন্দিদের পুনর্বাসনের পথ প্রশস্ত করতে পারে।