ভোলবদল! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিয়ে মুখ খুললেন সেই মেকআপ শিল্পী!

গত ৪ জুন টলিউডের প্রাক্তনী তথা প্রভাবশালী নেতা স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শ্লীলতাহানি ও খুনের হুমকির মতো গুরুতর অভিযোগ আনা হলেও, ঘটনার দুই মাসের মাথাতেই অবস্থান বদল করলেন সেই মেকআপ শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে তিনি জানান, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা সমস্ত মামলা তিনি তুলে নিয়েছেন এবং প্রাক্তন ফেডারেশন সভাপতির কাছে ক্ষমাও চেয়েছেন। ওই মেকআপ শিল্পীর দাবি, তাঁকে ভুল বুঝিয়ে এবং প্ররোচনা দিয়ে স্বরূপ বিশ্বাসের নাম জড়াতে বাধ্য করা হয়েছিল।
ওই মেকআপ শিল্পী সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে স্বরূপ বিশ্বাস তাঁর সঙ্গে কোনও অসদাচরণ করেননি এবং তিনি ব্যক্তিগতভাবে স্বরূপবাবুকে চেনেনও না। তাঁর মূল অভিযোগ ছিল শান্তনু দে ও বাপি মালাকারের মতো ব্যক্তিদের বিরুদ্ধে, যারা তাঁকে বাড়িতে এসে ভয় দেখিয়েছিল। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় তাঁকে জোর করে এবং বিভ্রান্ত করে স্বরূপ বিশ্বাসের নাম লেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি। বিবেকের তাড়নায় এবং আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা ব্যর্থ করতেই তিনি এই মামলা থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন।