ভয়াবহ আরজি কর কাণ্ডের দু’বছর, শুভেন্দুর বড় ঘোষণা! এবার কি ধরা পড়বে আসল অপরাধী?
.jpeg.webp?ssl=1)
ঠিক দু’বছর আগে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এবার সেই স্মৃতি আঁকড়ে আয়োজিত স্মরণসভায় দাঁড়িয়ে সুবিচার সুনিশ্চিত করার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্যাতিতার মা তথা জলহাটির বিধায়ক রত্না দেবনাথের আর্জিতে সাড়া দিয়ে ১৯৫২ সালের ‘স্পেশাল কমিশন অ্যাক্ট’-এর অধীনে ঘটনার পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় তদন্তের পাশাপাশি রাজ্যের এক্তিয়ারভুক্ত জায়গায় এই পদক্ষেপে কোনো খামতি রাখা হবে না বলে আশ্বাস দেন তিনি। স্মরণসভায় নিহত চিকিৎসকের বাবা-মায়ের সততা ও অর্থ প্রত্যাখ্যান করে অনড় থাকার লড়াইকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে নির্দিষ্ট সময়ে দুই মিনিটের নীরবতা পালন ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে এই শোকের আবহ ফুটে ওঠে।
নারী নির্যাতন এবং অপরাধ দমনে সরকার যে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, তা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু কঠোর পদক্ষেপের কথা জানান। বিগত ১৫ বছরের ঝুলে থাকা ১৮টি ফাঁসির মামলায় দ্রুত সাজার জন্য ৬ জন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। সেই সাথে মাদকাসক্তিকে অপরাধের মূল কারণ চিহ্নিত করে অবৈধ মাদকচক্র সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার প্রকাশ করেন তিনি। বিগত সরকারের আলগা মনোভাবকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু সাফ জানান, তিনি কোনো কাল্পনিক ব্যাখ্যায় বিশ্বাস করেন না, বরং অপরাধীদের ‘বারুইপুর মডেল’-এর মতো কঠোর ও খোলা হাতে দমন করতে পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন।