একদিনের প্ল্যানেই ঝাড়গ্রাম! চালু হল নতুন বাস পরিষেবা, জানুন রুট-সময়সূচি

কলকাতার ধর্মতলা থেকে ঝাড়গ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাঁশপাহাড়ি পর্যন্ত সরাসরি এসি সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। ফলে ট্রেন বদলানো বা আলাদা গাড়ি ভাড়া করার ঝক্কি ছাড়াই একদিনে ঘুরে এসে আবার কলকাতায় ফেরা সম্ভব। ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনী বাজারে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। নতুন এই এসি বাসটি প্রতিদিন সকাল সাড়ে ছটায় ধর্মতলা থেকে ছেড়ে ঝাড়গ্রাম শহর, চিল্কিগড়, গিধনী বাজার ও বেলপাহাড়ি হয়ে বাঁশপাহাড়িতে পৌঁছবে। সেখানে পর্যটকদের জন্য কয়েক ঘণ্টা কাটানোর সুযোগ থাকবে এবং বিকেল চারটায় বাসটি একই পথে কলকাতার উদ্দেশে রওনা দেবে।
এই সরাসরি বাস পরিষেবার ফলে চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, রাজবাড়ি এবং বেলপাহাড়ির সবুজ পাহাড়-জঙ্গল এক সফরেই উপভোগ করা সহজ হবে। এতদিন পর্যটকদের ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছে সেখান থেকে বাস বা ভাড়ার গাড়িতে গন্তব্যে যেতে হতো, যা যাতায়াতকে বেশ সময়সাপেক্ষ করে তুলত। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে, এই পরিষেবা চালু হওয়ায় যাতায়াতের ভোগান্তি যেমন কমবে, তেমনই হোটেল, দোকান ও স্থানীয় ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরাও আর্থিকভাবে লাভবান হবেন। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলে এলাকার সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।