ব্যাঙ্কের ভিতরেই ৭.৮০ লাখ গায়েব! গ্রাহকের টাকা চুরি করে কীভাবে ধরা পড়লেন ডেপুটি ম্যানেজার?

প্রায় আট লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের চেতলা শাখার প্রাক্তন ডেপুটি ম্যানেজার মমতা কুমারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে প্রথম পদের অপব্যবহার করে গ্রাহকদের অর্থ চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগ ওঠে, ব্যাঙ্কের গোপন তথ্য ব্যবহার করে এক গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে এক লক্ষ টাকা খরচ করা হয় এবং অন্য এক গ্রাহকের সই জাল করে ফিক্সড ডিপোজিট থেকে ছয় লক্ষ ৮০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। তদন্ত শুরু হতেই তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে।
ঘটনার পর অভিযুক্ত উত্তরপ্রদেশের বালিয়ায় নিজের বাড়িতে পালিয়ে গেলেও পুলিশের নজরদারি এড়াতে পারেননি। দীর্ঘ তল্লাশির পর গত আট আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জালিয়াতির নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না এবং আত্মসাৎ করা পুরো অর্থ কোথায় রাখা হয়েছে, তা নিশ্চিত করতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।