মমতাদিকে খুনের সুপরিকল্পিত ছক ছিল! হালিশহরে হামলার পর বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

পুলিশ হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হালিশহরে যাওয়ার পথে চরম বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচড়াপাড়া সংলগ্ন এলাকায় তাঁর কনভয় পৌঁছাতেই গাড়ি লক্ষ্য করে জুতো ও পাথর ছোড়া হয় এবং ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে সুপরিকল্পিত হত্যাচক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, বাইরে থেকে ভাড়া করা দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার উদ্দেশ্যে এই তাণ্ডব চালিয়েছে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটি মূলত স্থানীয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে ভিড়ের মাঝে কীভাবে কনভয়ে হামলা হলো, তা নিয়ে প্রশাসনের অন্দরেও জল্পনা শুরু হয়েছে।