“বিজেপির লোক বানিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ কারও জমিদারি নয়!” ১৯ বছর পর কলকাতায় ফিরে বামেদের তুলোধনা তসলিমার

প্রায় দুই দশক পর নিজের প্রিয় শহর কলকাতায় ফিরে আবেগাপ্লুত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তবে এই আনন্দের মুহূর্তের পরেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের প্রাক্তন বাম (সিপিএম) সরকারকে তীব্র আক্রমণে বিঁধলেন তিনি।
ইউরোপে টানা নিরাপত্তা ও নাগরিকত্ব পেলেও মাতৃভাষার টানেই কলকাতায় ফিরতে চেয়েছেন জানিয়ে তসলিমা প্রশ্ন তোলেন—১৯ বছর পর নিজের শহরে ফেরাটা কি তাঁর অপরাধ? সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখিকা লেখেন, “আমার ফেরায় বামপন্থীদের এত জ্বালা কেন? এত বিষ কিসের জন্য?”
তসলিমার স্পষ্ট দাবি, একজন ধর্মনিরপেক্ষ নারীবাদী লেখিকাকে বামফ্রন্ট সরকার একসময় রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। আর আজ ১৯ বছর পর সেই জায়গায় তাঁকে স্বাগত জানিয়েছে বিজেপি সরকার। এই রাজনৈতিক বৈপরীত্যের কারণে নিজেদের ব্যর্থতা ঢাকতেই বামপন্থীরা তাঁকে ‘বিজেপির লোক’ বানাতে ব্যস্ত হয়ে পড়েছে।
লেখিকা স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক শিবিরের লোক নন। বিজেপি তাঁকে স্বাগত জানালেই তাঁর আনুগত্য কেনা যায় না, কিংবা তাঁর কণ্ঠ স্তব্ধ করা যায় না। কড়া বার্তা দিয়ে তসলিমা বলেন, পশ্চিমবঙ্গ বা কলকাতা কোনো রাজনৈতিক দলের জমিদারি নয়—এটা সাধারণ মানুষের। তাই নিজের অধিকার নিয়েই তিনি বারবার এই শহরে ফিরে আসবেন।